ঢাকাMonday , 18 May 2026
  1. প্রচ্ছদ
  2. অনুসন্ধান
  3. বাংলাদেশ
  4. আন্তর্জাতিক
  5. রাজনীতি
  6. বিনোদন
  7. অপরাধ
  8. চাকরির খবর
  9. প্রযুক্তি
  10. ক্যাম্পাস
  11. স্বাস্থ্য
  12. খেলা
  13. বিশেষ প্রতিবেদন
  14. আত্মদর্শন
  15. ভিন্নচোখে

নতুন-পুরোনো সিনেমার মেলবন্ধনে যাত্রা শুরু করছে ‘উৎসব’

Link Copied!

ডিজিটাল বিনোদনের দুনিয়ায় বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য যুক্ত হতে যাচ্ছে নতুন মাত্রা। ‘স্ট্রিম দ্য সেলিব্রেশন’ স্লোগানকে সঙ্গী করে যাত্রা শুরু করতে যাচ্ছে অত্যাধুনিক ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম ‘উৎসব’। মূলত বাংলা সিনেমা, অরিজিনাল ওয়েব সিরিজ এবং ওয়েব ফিল্মকে প্রাধান্য দিয়ে আগামী ২১ মে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

শুরু থেকেই বাংলা কনটেন্টের বাজারে নিজেদের স্বকীয়তা বজায় রাখতে চায় ‘উৎসব’। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের প্রেক্ষাগৃহে নতুন কোনো সিনেমা মুক্তির পর ডিজিটাল প্ল্যাটফর্মে সেটি সবার আগে দেখার সুযোগ মিলবে এখানেই। শুধু সমকালীন কাজ নয়, ক্ল্যাসিক থেকে আধুনিক সব মিলিয়ে প্রায় শতাধিক চলচ্চিত্র ও বৈচিত্র্যময় কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করছে প্ল্যাটফর্মটি, যা বাংলা সিনেমাপ্রেমীদের জন্য ডিজিটাল আর্কাইভ হিসেবে কাজ করবে।

প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদ হাসান অভি বলেন, “আমাদের মূল লক্ষ্য বাংলা কনটেন্টকে আরও সহজ ও আকর্ষণীয়ভাবে দর্শকদের নাগালে পৌঁছে দেওয়া। বর্তমানে দেশে সিনেমা হলের সংখ্যা অনেক কমে এসেছে। প্রতিটি জেলায় হল না থাকায় বিপুল সংখ্যক দর্শক নতুন ছবি দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে, বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীরাও অনেক সময় নতুন সিনেমাগুলো দেখার সুযোগ পান না। সেই শূন্যস্থান পূরণ করতেই আমাদের এই যাত্রা।”

তিনি আরও যোগ করেন, “বিশ্বজুড়ে বাংলা সিনেমার বিশাল দর্শক তৈরি হলেও মানসম্মত ডিজিটাল প্ল্যাটফর্মের অভাব ছিল। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি-এর বিনিময়ে দর্শকরা এখন দেশ ও বিদেশের যেকোনো প্রান্ত থেকে নির্ভরযোগ্য মাধ্যমে পছন্দের কনটেন্ট উপভোগ করতে পারবেন।”

কারিগরি দিক থেকেও প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের সর্বোচ্চ অভিজ্ঞতা দিতে সচেষ্ট। উদ্বোধনের প্রাথমিক পর্যায়ে দর্শকরা সরাসরি ‘উৎসব’-এর ওয়েবসাইট ভিজিট করে কনটেন্টগুলো দেখতে পারবেন। একই সঙ্গে খুব দ্রুতই গুগল প্লে স্টোরে পাওয়া যাবে এর নিজস্ব অ্যাপ। এছাড়া স্মার্ট বিনোদনের কথা মাথায় রেখে পর্যায়ক্রমে আইওএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি ও স্যামসাং স্মার্ট টিভিতেও ‘উৎসব’ অ্যাপটি যুক্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।