ঢাকাThursday , 29 January 2026
  1. প্রচ্ছদ
  2. অনুসন্ধান
  3. বাংলাদেশ
  4. আন্তর্জাতিক
  5. রাজনীতি
  6. বিনোদন
  7. অপরাধ
  8. চাকরির খবর
  9. প্রযুক্তি
  10. ক্যাম্পাস
  11. স্বাস্থ্য
  12. খেলা
  13. বিশেষ প্রতিবেদন
  14. আত্মদর্শন
  15. ভিন্নচোখে

অভিনয় থেকে ফাইটার কারাতে অঙ্গনে চমক দেখালেন শাহমীর

Link Copied!

দীর্ঘ ১৪ বছর বিরতির পর আবারও প্রতিযোগিতামূলক কারাতে ম্যাটে ফিরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন ‘মতিনের পরান বউ’ খ্যাত অভিনেতা এ আর শাহমীর। সম্প্রতি কক্সবাজারে বাংলাদেশ ফাইটার কারাতে এসোসিয়েশন আয়োজিত ফাইটার কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি প্রমাণ করেছেন তার লড়াই কেবল পর্দায় সীমাবদ্ধ নয়, বাস্তব অঙ্গনেও তিনি সমান দৃঢ়।

প্রায় ২০০ জন খেলোয়াড়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শাহমীর ন্যাশনাল গেমসের কাতা ও কুমিতে দুই বিভাগেই অংশ নেন। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তিনি দুই বিভাগেই ব্রোঞ্জ পদক অর্জন করেন, যা তার দীর্ঘ বিরতির পর একটি তাৎপর্যপূর্ণ প্রত্যাবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশেষ করে কুমিতে বিভাগে তার লড়াইটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তার প্রতিপক্ষ ছিলেন অভিজ্ঞ এক আন্তর্জাতিক খেলোয়াড়, যার ঝুলিতে রয়েছে একাধিক আন্তর্জাতিক স্বর্ণপদক। সেই ম্যাচে শাহমীর কৌশল, মনোযোগ ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে ৯-৫ পয়েন্টে জয় নিশ্চিত করেন। সংশ্লিষ্টদের মতে, এটি ছিল প্রতিযোগিতার অন্যতম সেরা ম্যাচগুলোর একটি।

ম্যাচ চলাকালে তিনি ইনজুরিতে পড়েন এবং রক্তপাত হয়। নিয়ম অনুযায়ী এ অবস্থায় ম্যাচ বন্ধ করে ইনজুরিপ্রাপ্ত খেলোয়াড়কে বিজয়ী ঘোষণা করার সুযোগ থাকলেও শাহমীর সেই সুবিধা নেননি। বরং ম্যাচ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে পূর্ণ সময় লড়াই করেন। ইনজুরির মধ্যেও তার মানসিক দৃঢ়তা, অভিজ্ঞতা ও কৌশলগত দক্ষতা শেষ পর্যন্ত জয় এনে দেয়।

তার এই খেলোয়াড়সুলভ মনোভাব ও সাহসিকতা রেফারি, কোচ, কর্মকর্তা এবং উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, এই লড়াইটি ন্যাশনাল গেমসের স্মরণীয় ম্যাচগুলোর একটি হয়ে থাকবে।

খেলা শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে এ আর শাহমীর বলেন, “১৪ বছর পর আবার প্রতিযোগিতায় নামাটা চ্যালেঞ্জিং ছিল। ইনজুরির কারণে শতভাগ দিতে পারিনি, তবুও দেশের জন্য এবং ওস্তাদের সম্মানের জন্য লড়েছি। এই দুইটি ব্রোঞ্জ আমার কাছে স্বর্ণপদকের চেয়েও মূল্যবান।”

দীর্ঘ বিরতির পর এমন দৃঢ় প্রত্যাবর্তন এ আর শাহমীরকে নতুন এক পরিচয়ে তুলে ধরেছে। তিনি এখন শুধু অভিনয়জগতের পরিচিত মুখ নন, বরং বাংলাদেশের কারাতে অঙ্গনে অধ্যবসায়, সাহস ও ক্রীড়াসুলভ মানসিকতার এক উজ্জ্বল উদাহরণ।